দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকেই স্পষ্টভাবে ফেবারিট হিসেবে দেখছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তবে কঠিন চ্যালেঞ্জের কথা স্বীকার করেও লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।
মঙ্গলবার (৩০ জুন) রাতে শেষ ৩২-এর ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে নরওয়ে। ম্যাচে জয়সূচক গোলটি করেন হালান্ড। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তার গোলসংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে।
ম্যাচ শেষে ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে হালান্ড বলেন, ‘সম্ভাবনা খুবই কম।’
তিনি আরও বলেন, ‘শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে খেলতে হবে, এটাই বাস্তবতা।’
যদিও পরিসংখ্যান নরওয়ের পক্ষেই কথা বলে। ইতিহাসে এখন পর্যন্ত ব্রাজিল কখনোই নরওয়েকে হারাতে পারেনি। তবু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটিকে কঠিন পরীক্ষাই মনে করছেন নরওয়ের এই গোলমেশিন।
আইভরি কোস্টকে বিদায় করার পর ডালাস স্টেডিয়ামে উচ্ছ্বাসে মেতে ওঠেন নরওয়ের সমর্থকেরা। খেলোয়াড়রাও মাঠে বসে তাদের ঐতিহ্যবাহী ‘ভাইকিং রোয়িং’ উদযাপন করেন। অধিনায়ক মার্টিন ওডেগার্ড ড্রাম বাজিয়ে সেই উদযাপনে নেতৃত্ব দেন।
দেশের সমর্থকদের উচ্ছ্বাস প্রসঙ্গে হালান্ড বলেন, ‘অবশ্যই নরওয়ের মানুষ এখন দারুণ আনন্দিত। জাতীয় দলকে ঘিরে পুরো দেশ যেভাবে একত্রিত হয়েছে, সেটি আমাদের পারফরম্যান্সেও ইতিবাচক প্রভাব ফেলছে।’
শেষ ষোলো নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘এখন আমরা শেষ ষোলোয় উঠেছি। এখানে সব দলই দুর্দান্ত, তাই সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। পরের ধাপে ওঠা সহজ হবে না। আমরা পারব কি না জানি না, তবে আমরা অনেক প্রস্তুতি নিয়েছি এবং এখনও নিজেদের সর্বোচ্চ প্রস্তুত রাখছি।’
বর্তমান নরওয়ে ফুটবলের সবচেয়ে বড় তারকা হালান্ড। ইউরোপিয়ান বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে ২৮ বছর পর নরওয়েকে আবারও বিশ্বকাপের মূল পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে নরওয়ে।
এমএস/